জাতিসংঘ, ২৩ সেপ্টেম্বর- চীনের কার্বন নিঃসরণ ২০৩০ সালের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে আর ২০৬০ সালের মধ্যেই দেশটি কার্বন নিরপেক্ষ হয়ে ওঠার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। জাতিসংঘের সাধারণ পরিষদে ভিডিওলিংকের মাধ্যমে দেওয়া ভাষণে তিনি এই পরিকল্পনা প্রকাশ করেন। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তার এই ঘোষণাকে উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখছেন অনেকেই। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। বিশ্বের কার্বন ডাই অক্সাইডের সবচেয়ে বড় উৎস চীন। দুনিয়ার ২৮ শতাংশ কার্বন নিঃসরনের দায়ী বেইজিং। জলবায়ু আলোচনায় অচলাবস্থা এবং এ বছরের জলবায়ু সম্মেলন ২০২১ সাল পর্যন্ত স্থগিত যাওয়ায় এবারের জাতিসংঘ সাধারণ পরিষদে বৈশ্বিক উষ্ণতার প্রসঙ্গটি খুব একটা গুরুত্ব পাবে না বলে ধারণা করা হচ্ছিল। তবে কার্বন নিঃসরণ নিয়ে চীনা প্রেসিডেন্টের জোরালো ঘোষণায় অবাক হয়েছেন অনেকেই। করোনাভাইরাস মহামারির কারণে সৃষ্ট অর্থনৈতিক অবস্থা থেকে উত্তরণ প্রচেষ্টায় কার্বন নিঃসরন কমিয়ে আনতে দুনিয়ার দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি। শি জিনপিং বলেন, আমরা ২০৩০ সালের মধ্যে কার্বন ডাই অক্সাইড নিঃসরণের সর্বোচ্চ পর্যায়ে যাওয়া এবং ২০৬০ সালের আগেই কার্বন নিরপেক্ষ দেশের স্বীকৃতি অর্জনের লক্ষ্যমাত্রা ঠিক করেছি। প্রেসিডেন্টের এই বক্তব্যের আগে কার্বন নিঃসরন নিয়ে দীর্ঘ মেয়াদে কোনও প্রতিশ্রুতি দিতে অস্বীকৃতি জানিয়ে আসছিলো চীন। আরও পড়ুন: করোনাভাইরাস নিয়ে জাতিসংঘের অধিবেশনে চীন-যুক্তরাষ্ট্র উত্তেজনা দুনিয়ার বিভিন্ন দেশ জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে আনলেও ২০১৮ ও ২০১৯ সালে চীনের কার্বন নিঃসরণের মাত্রা বাড়তে থাকে। করোনা সংকটের কারণে এই বসন্তে দেশটির নিঃসরণ ২৫ শতাংশ কমে গেলেও গত জুন থেকেই দেশটি কয়লাচালিত বিভিন্ন বিদ্যুৎকেন্দ্র, সিমেন্ট কারখানা ও অন্যান্য ভারি শিল্প চালু করে দেয়। পর্যবেক্ষকদের ধারণা জলবায়ু প্রশ্নে যুক্তরাষ্ট্রের নিরব থাকার সুযোগকে কাজে লাগিয়ে এই ইস্যুতে সরব হয়ে উঠতে চাইছেন চীনের প্রেসিডেন্ট। গ্রিনপিস এশিয়ার চীনা জলবায়ু নীতি বিশেষজ্ঞ লি শুওস বলেন ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের পর কয়েক মিনিটের মাথায় জাতিসংঘে শি জিনপিংয়ের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি, স্পষ্টতই এটি একটি দৃঢ় ও হিসেবি পদক্ষেপ। সূত্র : বাংলা ট্রিবিউন এম এন / ২৩ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3cpObOo
0 Comments